মাদক কেনার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন, পুড়ল ১১ বাড়ি
লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত এক যুবক নিজের ঘরে আগুন ধরিয়ে দিলে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও ১০টি বাড়ি ও দুটি সড়কের পাশের দোকানে। এতে ১৩টি পরিবার ঘরহারা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বসাবাড়ি এলাকার ল্যাংড়া ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ভোর সাড়ে ৪টার দিকে সোহেল হোসেন নামের ওই যুবক নিজের ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। মাদক কেনার টাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। রোববার ভোরেও এ নিয়ে পরিবারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ঘরে আগুন ধরিয়ে দেন বলে স্থানীয়দের দাবি।
মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি বসতঘর ও রান্নাঘর পুড়ে যায়। আগুনে সড়কের পাশে থাকা দুটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে রায়পুর ও লক্ষ্মীপুরের দুটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সোহেলকে আটক করে মারধর করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রঞ্জিত কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, জনতার হাত থেকে পুলিশ সোহেলকে উদ্ধার করে আটক করেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এদিকে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওসার স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তার আশ্বাস দেন।
মতামত দিন