Views Bangladesh Logo

শুধু শাস্তি নয়, সামাজিক আন্দোলনেই নির্মূল হবে মাদক: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তবে এই উদ্যোগকে সফল করতে হলে সবাইকে সম্পৃক্ত করতে হবে। মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার বিকল্প নেই বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলোর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তবে এই প্রচেষ্টা সফল করতে স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

মির্জা ফখরুল আরও বলেন, মাদক যে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ, সেই বার্তাটি মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধই মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সভায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও বিসিবির পরিচালক মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ