Views Bangladesh Logo

ক্যাচ মিসে জেতা ম্যাচ হারল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

১৭ ওভার শেষে ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠোয়। ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ৬ উইকেট নেই, শেষ তিন ওভারে দরকার ২৯ রান। এমন অবস্থায়ও হারতে পারে বাংলাদেশ—তা হয়তো তখন কেউ ভাবেননি। কিন্তু ১৮তম ওভারে একটি ক্যাচ মিস বদলে দিল পুরো ম্যাচের চিত্র। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে নারী এশিয়া কাপে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলেছে বাংলাদেশ।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন হারশিতা সামারাবিক্রমা। ১৮তম ওভারে জীবন পাওয়া এই ব্যাটার শেষ পর্যন্ত ৩৭ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

শ্রীলঙ্কার জয়ের জন্য শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ২৯ রান। মারুফা আক্তারের তিন উইকেটসহ বাংলাদেশের বোলাররা তখন পর্যন্ত বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণে রেখেছিলেন ম্যাচ। কিন্তু ১৮তম ওভারের তৃতীয় বলেই ঘটল বিপত্তি।

রিতু মণির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটের দিকে ক্যাচ তুলে দেন হারশিতা। সেখানে থাকা অভিষেক হওয়া ফারজানা ইয়াসমিন বাউন্ডারি থেকে কিছুটা ভেতরে অবস্থান করছিলেন। বলের কাছে পৌঁছাতে না পারায় সেটি তার মাথার ওপর দিয়ে সীমানা ছাড়িয়ে যায়। সহজ সুযোগটি হাতছাড়া হওয়ার সঙ্গে ছক্কাও হয়ে যায়।

ওই ওভার থেকে ১৬ রান তুলে নেয় শ্রীলঙ্কা। ফলে শেষ দুই ওভারে তাদের দরকার নেমে আসে মাত্র ১৩ রানে। সুযোগ পেয়ে হারশিতাও আর ভুল করেননি। তার ব্যাটেই ১৯তম ওভারের দ্বিতীয় বলে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

ম্যাচ শেষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করা শোভনা মোস্তারি সরাসরি ক্যাচ মিসকেই ম্যাচের মোড় ঘোরার কারণ হিসেবে দেখেছেন। তার মতে, ১৮তম ওভার পর্যন্ত ম্যাচটি পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল। ক্যাচটি নিতে পারলে বাংলাদেশই ম্যাচ জিততে পারত।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটি টানা সপ্তম হার। দলটির বিপক্ষে সর্বশেষ জয় এসেছিল ২০২৩ সালের মে মাসে। দুই দলের ১৭ দেখায় এখন শ্রীলঙ্কার জয় ১৪টি, বাংলাদেশের ৩টি।

এই হারে সেমিফাইনালের সমীকরণও কঠিন হয়ে গেল বাংলাদেশের। টুর্নামেন্ট শুরুর আগে শেষ চারে ভারতকে এড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে এখন সেই সমীকরণ আর বাংলাদেশের হাতে নেই।

মঙ্গলবার নিজেদের শেষ গ্রুপ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতেই হবে বাংলাদেশকে। সেই ম্যাচে জিতলেও সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে হবে নিগারদের।

অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান করেছিল বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন শোভনা মোস্তারি। ৪১ বলের ইনিংসে তিনি ধৈর্য ধরে ব্যাট করেন। শেষ ওভারে ফাহিমা খাতুনের রিভার্স সুইপ ও প্যাডল সুইপ থেকে পাওয়া বাউন্ডারিতে বাংলাদেশের সংগ্রহ ১১৪ রানে পৌঁছায়।

শ্রীলঙ্কার হয়ে চামুদি প্রবোধা ২১ রানে ৩টি এবং সুগন্ধিকা কুমারি ২২ রানে ২টি উইকেট নেন।

এখন সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ