লাইসেন্স ছাড়া বা ভুল শ্রেণির যান চালালে জেল-জরিমানা
লাইসেন্স ছাড়া কিংবা লাইসেন্সে নির্ধারিত শ্রেণির বাইরে যান চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ধরনের অপরাধে জেল ও জরিমানার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।
শুক্রবার (৩ এপ্রিল) বিআরটিএ সদর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮-এর ধারা ৪(১) অনুযায়ী বৈধ, শিক্ষানবিশ বা হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ জনসমক্ষে মোটরযান চালাতে বা চালাতে দিতে পারবেন না। ধারা ৪(২) অনুযায়ী, লাইসেন্সে উল্লিখিত শ্রেণির বাইরে অন্য যান চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এবং ধারা ৫(১) অনুযায়ী, যথাযথ অনুমতি ছাড়া গণপরিবহন চালানো বা চালাতে দেওয়া যাবে না।
আইন ভঙ্গ করলে ধারা ৬৬ অনুযায়ী সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড প্রযোজ্য হতে পারে। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স স্থগিত বা বাতিল করার বিধানও রয়েছে।
বিআরটিএ জানায়, সাম্প্রতিক সময়ে লাইসেন্সবিহীন চালনা, ভুল শ্রেণির যান ব্যবহার, বেপরোয়া গতি ও বিশৃঙ্খল ড্রাইভিংয়ের কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে এবং প্রাণহানির ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে চালকদের বৈধ লাইসেন্স মেনে চলার এবং পরিবহন মালিকদের চালকদের বিষয়ে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
মতামত দিন