Views Bangladesh Logo

মাদারীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবু নাঈম খান (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকার ফিলিং স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু নাঈম খান মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার মৃত আব্দুর সাত্তার খানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মিনি ট্রাক ও একটি বড় ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে মিনি ট্রাকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আবু নাঈম খান নিহত হন।

এ ঘটনায় বড় ট্রাকের চালক জুয়েল (৩৫), হেলপার সজীব (২৫) এবং শ্রমিক আমিরুল (৩২) ও লাভলু (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে সঙ্গে নিয়ে তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ