মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল চালকের
মাদারীপুরের রাজৈরে বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে আবুল হোসেন মণ্ডল (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত আবুল হোসেন মণ্ডল নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মৃত জফির উদ্দিন মণ্ডলের ছেলে।
রোববার (২১ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বুড়ামারি বর্ডার এলাকা থেকে বাঁশবোঝাই ট্রাক নিয়ে বরগুনার উদ্দেশে রওনা দেন আবুল হোসেন। পথে টেকেরহাট সেতুর ঢালে পৌঁছালে ট্রাকটির পেছনের চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক করেন।
মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, সোমবার (২২ জুন) সকালে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানার হেফাজতে রাখা হয়েছে।
মতামত দিন