Views Bangladesh Logo

নওগাঁয় রাজস্ব কর্মকর্তার মরদেহ হাসপাতালের গেটে রেখে পালাল চালক-হেলপার

নওগাঁয় জুনায়েদ সাকী (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে থেকে বেওয়ারিশ অবস্থায় মরদেহটি উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হলুদ রঙের একটি পিকআপ হাসপাতালের সামনে এসে থামে। সেখান থেকে ক্ষতবিক্ষত মরদেহ ফেলে দ্রুত সটকে পড়েন চালক ও তার সহযোগী (হেলপার)। পরে হাসপাতালের কর্মচারীরা মরদেহটি উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুনায়েদ সাকী বরিশালের পিরোজপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ।

পরিবার সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ট্রেনে সান্তাহার রেল স্টেশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। তবে ভোরে ট্রেন থেকে নামার পর আর বাড়িতে পৌঁছাননি।

নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, সান্তাহার থেকে নওগাঁ আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা হাসপাতালে আসেন।

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বলেন, মরদেহটি সড়ক দুর্ঘটনায় নিহত বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। পরে থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম জানান, হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে দুর্ঘটনাটি কখন ও কোথায় ঘটেছে এবং কারা মরদেহ হাসপাতালে রেখে গেছে—এ বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ