৪০০ কোটির ক্লাবে অজয়-তাঁবুর ‘দৃশ্যম ৩’
বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করছে অজয় দেবগন ও তাবু অভিনীত থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। মুক্তির অষ্টম দিনে (শুক্রবার, ৯ অক্টোবর) ভারতেই সিনেমাটি ১৪ কোটি ৫০ লাখ রুপি নিট আয় করেছে। এর মধ্য দিয়ে কেবল দেশীয় বাজারে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২৬০ কোটি রুপি।
বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী মুক্তির পর থেকেই ঝড় তোলা এই ছবিটির মোট গ্লোবাল গ্রস কালেকশন ৪০০ কোটির মাইলফলক ছাড়িয়ে বর্তমানে ৪০৭ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে।
ভারতে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩১২ কোটি রুপি। এর বাইরে বিদেশের বাজার থেকেও দারুণ সাড়া মিলছে। দ্বিতীয় শুক্রবারে বৈদেশিক বাজার থেকে অতিরিক্ত ৬ কোটি রুপি যুক্ত হয়ে বিদেশের মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৯৫ কোটিতে।
বক্স অফিস সূত্র জানায়, মুক্তির অষ্টম দিনেই সিনেমা হলে প্রায় ৫ লাখ ৮৩ হাজার দর্শক সিনেমাটি উপভোগ করেছেন। এর ফলে ছবিটির মোট দর্শক সমাগম বা টিকিট বিক্রির সংখ্যা ছাড়িয়ে গেছে ১ কোটি ৭ লাখে।
উল্লেখযোগ্য বিষয় হলো, আগের দিনের (বৃহস্পতিবার) তুলনায় দ্বিতীয় শুক্রবারে এসে সিনেমাটির আয় প্রায় ১১.৫ শতাংশ বেড়েছে।
গত ২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই ভারতে ৬২ কোটি রুপির বিশাল ব্যবসা দিয়ে খাতা খোলে ‘দৃশ্যম ৩’। এরপর প্রথম শনিবার ৫৩.৫০ কোটি ও রবিবারে ৬১ কোটি রুপি আয় করে প্রথম সপ্তাহান্তেই (ওপেনিং উইকেন্ড) ছবিটির নিট আয় দাঁড়ায় ১৭৬.৫০ কোটি রুপি।
সপ্তাহের কর্মদিবসগুলোতে আয়ের গতি কিছুটা কমলেও ধারা অব্যাহত ছিল। সিনেমাটি চতুর্থ দিনে ২১ কোটি, পঞ্চম দিনে ১৯.৫০ কোটি, ষষ্ঠ দিনে ১৫.৫০ কোটি এবং সপ্তম দিনে ১৩ কোটি রুপি আয় করে। সব মিলিয়ে প্রথম সপ্তাহে ভারতে ছবিটির মোট নিট কালেকশন দাঁড়ায় ২৪৫.৫০ কোটি রুপি।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে বিজয় সালগাওঁকর নামের এক সাধারণ পারিবারিক মানুষকে কেন্দ্র করে, যিনি পরিবারকে রক্ষা করার জন্য বারবার নিখুঁত পরিকল্পনার আশ্রয় নেন। এই শেষ অধ্যায়ে নতুন একটি তদন্ত তাঁর দীর্ঘদিনের চাপা পড়া গোপন সত্যকে উন্মোচিত করার হুমকিতে ফেললে তিনি পুনরায় মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েন।
চলচ্চিত্রটিতে বিজয় সালগাওঁকর চরিত্রে ফিরেছেন অজয় দেবগন এবং মীরা দেশমুখ চরিত্রে অভিনয় করেছেন তাবু। এছাড়া এসপি রাজবীর সিং তোমারের ভূমিকায় দেখা গেছে জয়দীপ আহলাওয়াতকে। অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ, ইশিতা দত্ত, মৃণাল যাদব, কমলেশ সাওয়ান্ত, সৌরভ শুক্লা ও নেহা জোশী।
আমিল কীয়ান খান ও পারভেজ শেখের চিত্রনাট্যে নির্মিত এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন অলোক জৈন, অজিত আন্ধারে, কুমার মঙ্গল পাঠক ও অভিষেক পাঠক। ছবিটি পরিবেশন করেছে স্টার স্টুডিও১৮।
মতামত দিন