উত্তরাখণ্ডে খনি শ্রমিকদের উদ্ধারে আবারও ড্রিল শুরু
ভারতের উত্তরাখণ্ডে আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধারে টানেলের মুখের কাছে ড্রিলিংয়ের কাজ আবারও শুরু হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় ড্রিলিং শুরু করা হয়। এই টানেলে গত ১০ দিন ধরে ৪১ জন খনি শ্রমিক আটকে আছেন। গত শুক্রবার ড্রিল চলাকালে বড় ধরনের ফাটল বা চিড় ধরার আওয়াজ পায় উদ্ধারকারী দল। ঝুঁকিপূর্ণ মনে করে ড্রিলিং বন্ধ রাখা হয়।
কর্তৃপক্ষ জানায়, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অন্য উপায়ের বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে পর্বতের চূড়া থেকে ড্রিল করে তাদের বের করে আনা যায় কি না সে বিষয়ে কাজ চলছে।
কর্তৃপক্ষ আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছে। সেখানে নির্মাণ কাজে পানি সরবরাহের একটি পাইপলাইন রয়েছে। ওই পাইপ দিয়ে অক্সিজেন, শুকনো খাবার এবং পানি পাঠানো হচ্ছে। ক্যামেরায় তাদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত করতে বলা হয়। তাদের খুব দ্রুত উদ্ধার করা হবে বলে আশ্বস্ত করে কর্তৃপক্ষ।
নতুন এই পাইপটি অনেক চওড়া। ফলে তাদের আরো বেশি অক্সিজেন, খাবার এবং ওষুধ, মোবাইল ফোন এবং চার্জারের মতো অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা যাবে বলে জানায় উদ্ধারকারী কর্তৃপক্ষ। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ধসে পড়া স্তূপে থাকা লোহার রডে ড্রিলিংয়ের কাজ বাধাগ্রস্ত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে