সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় ডিআরএফের নিন্দা
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সে সময় সাংবাদিকদের কাজে বাধা দেওয়া হয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ সদস্যরা তাদের ওপর হামলা চালায়।
ডিআরএফ বলছে, এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সংবিধানস্বীকৃত মতপ্রকাশ ও সংবাদ সংগ্রহের অধিকারের পরিপন্থী।
বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি আহত ও লাঞ্ছিত সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানায় সংগঠনটি।
ডিআরএফ আরও আশা প্রকাশ করে, ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতামূলক ভূমিকা পালন করবে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে