পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা: বিশেষ সহকারী
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২৩ মে) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি লেখেন, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। ড. ইউনূস নিজের জন্য ক্ষমতা চান না, বরং বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবর্তনের জন্য তার নেতৃত্ব অপরিহার্য।’
মন্ত্রিসভাকে আরও গতিশীল ও কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘সরকারকে আরও কার্যকর, উপদেষ্টাদের আরও সক্রিয় এবং জনগণের কাছে দৃশ্যমান অগ্রগতি তুলে ধরতে হবে। এ বিষয়ে কোনো দ্বিমত থাকা উচিত নয়।’
প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী উল্লেখ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তিনি যে জনসমর্থন পেয়েছিলেন তা থেকেই ড. ইউনূসের নেতৃত্বের বৈধতা এসেছে।
তিনি নোবেলজয়ী এই ব্যক্তিত্বকে “বৈশ্বিক সম্পদ” আখ্যা দিয়ে তার সততা ও আন্তর্জাতিক খ্যাতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বাড়ানো এবং রাজনৈতিক বিচ্ছিন্নতা এড়ানোর আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক সময়ে সামরিক বাহিনীর সঙ্গে উত্তেজনার বিষয়ে ফয়েজ আহমদ স্পষ্টভাবে বলেন, সেনাবাহিনীকে রাজনীতির বাইরে থাকতে হবে।
নির্বাচন সংক্রান্ত সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “আজকের বিশ্বে একটি সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতিতে জড়ায় না। সেনাবাহিনীকে বিশ্বাস ও সম্মানের সঙ্গে আচরণ করতে হবে। তবে রাজনীতিতে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।”
তিনি সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সমন্বিততার ধারণা ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করে বলেন, ‘বাংলাদেশের সেনাবাহিনী জাতীয় গর্বের উৎস এবং এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না।’
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে ফায়েজ জানান, ২০২৬ সালের এপ্রিল বা মে মাসে সকল প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এছাড়া ২০২৫ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপনের জন্য জাতীয় উৎসবের পরিকল্পনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এর মধ্যে শেখ হাসিনার বিচারের প্রথম রায় ঘোষিত হবে।
এমন সময় এই বিবৃতি আসল যখন ড. ইউনূসের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। এমন গুঞ্জনের মধ্যে গত বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, ড. ইউনূস বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটি তার কার্যক্রম পরিচালনাকে ক্রমশ কঠিন করে তুলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে