প্রধান উপদেষ্টা ও ভারতের হাইকমিশনারের বৈঠকে আলোচনা হবে বন্যা প্রসঙ্গে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সেই বৈঠকে চলমান বন্যা সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতের হাইকমিশনার গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
উপদেষ্টা আরও জানান, আগে থেকে আমাদের কাছে এ বন্যার পূর্বাভাস ছিল না। উজান থেকে হঠাৎ করেই ঢল নামে। তবে, ভারত পানি ছেড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা ফারুক-ই-আজম। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যাটা আকস্মিকভাবেই হয়েছে বলে এখন পর্যন্ত ধারণা করছি। ভারত বাঁধ খুলে দিয়েছে বলে পত্র পত্রিকায় লেখা হচ্ছে। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা আরও বলেন, সেনাবাহিনী, নৌবাহিনীসহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কাজ করতে হবে বন্যা নিয়ন্ত্রণে, এমন সিদ্ধান্ত হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে