Views Bangladesh Logo

জাতিসংঘের ভাষণে রোহিঙ্গা সমস্যার চূড়ান্ত সমাধান চেয়েছেন ড. ইউনূস

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে সৃষ্ট রোহিঙ্গা সমস্যার চূড়ান্ত সমাধান চেয়েছেন বিশ্ব নেতাদের কাছে।

তার দেয়া ভাষণে তিনি বলেছেন, ‘রোহিঙ্গারা যাতে করে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবনধারণ করতে পারে, সে লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার। এ লক্ষ্যে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা দরকার।’

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে দেয়া ভাষণে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এ ভাষণ তিনি বাংলা ভাষায় উপস্থাপন করেন।

এ সময় তিনি, রোহিঙ্গাদের সঙ্গে সংঘটিত হওয়া ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ গত সাত বছর যাবৎ মিয়ানমার হতে আগত ১২ লাখের বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে, আমরা বিশাল সামাজিক-অর্থনৈতিক-পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি।’

ড. ইউনূস দাবি করেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও ওই অঞ্চলের জন্য সবধরণের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে ভাষণে তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তার অব্যাহত চাই।’

ড. ইউনূস তার ভাষণে রোহিঙ্গা সমস্যার পাশাপাশি বিশ্বের জলবায়ু পরিবর্তনে বাংলাশের ক্ষতির দিক এবং অভিবাসন সমস্যা সমাধানের কথা তুলে ধরেন। এ সময় তিনি ৩ শূন্যের পৃথিবী গড়ার আশাও ব্যক্ত করেন।

এর আগে ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র আন্দোলন ও তার সরকারের দায়িত্ব নেয়ার বিস্তারিত ঘটনা বিশ্ব নেতাদের কাছে তুলে ধরেন। এবং ভাষণের শেষে বাংলাদেশের তরুণদের বিশ্বের অগ্রযাত্রায় অংশগ্রহণের ওপর জোর দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ