শুভেচ্ছা উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে এই ‘আম কূটনীতি’র উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার (১৫ জুলাই) আমের চালানটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাবে। সেগুলো প্রধানমন্ত্রী মোদির দপ্তর ছাড়াও কূটনৈতিক মহল এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হবে সৌহার্দ্যের নিদর্শন হিসেবে।
এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও উপহার হিসেবে হাড়িভাঙ্গা আম পাঠানো হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিশিষ্টজনদের জন্য ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হয় আখাউড়া স্থলবন্দর হয়ে। ৬০টি কার্টনে এসব আম বিকেল ৫টা ১৫ মিনিটে পৌঁছে দেয়া হয়।
বাংলাদেশ প্রতি বছরই মৌসুমি ফল, বিশেষ করে হাড়িভাঙ্গা আম, শুভেচ্ছা উপহার হিসেবে ভারতীয় রাজ্য সরকার ও বিশিষ্টজনদের পাঠায়। এর জবাবে ত্রিপুরা রাজ্য সরকারও বাংলাদেশের জন্য উপহার হিসেবে পাঠায় বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস।
চলতি বছরের আম উপহার কার্যক্রমটি পরিচালনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রপ্তানিকারকের মাধ্যমে এসব আম সরবরাহ করা হচ্ছে। আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে চালান হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, অতীত প্রশাসনেও ‘আম কূটনীতি’ চালু ছিল, যা এখনো দুই দেশের পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে