Views Bangladesh Logo

মার্কিন চুক্তির আলোচনায় ড. ইউনূস আমাকে ডাকেননি : আসিফ নজরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তির আলোচনায় তাকে কখনোই ডাকা হয়নি। তার ভাষায়, এসব বিষয় তার দায়িত্বের আওতায় ছিল না।

সম্প্রতি আসিফ নজরুল বিবিসি বাংলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অর্থনীতি, ব্যাংকিং ও জাতীয় রাজস্ব বোর্ড–সংক্রান্ত আলোচনাগুলোতে তাকে রাখা হয়নি। এসব বিষয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট কয়েকজন উপদেষ্টাকে নিয়ে বৈঠক করতেন।

তিনি বলেন, আইনগত বিষয়ে তাকে ডাকা হতো। পাশাপাশি রাজনৈতিক ও সংস্কারসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়েও তিনি আলোচনায় অংশ নিতেন। তার ভাষায়, 'যে বিষয়ে যাকে প্রয়োজন, স্যার তাকে ডাকতেন।'

সাক্ষাৎকারে সরকারের ভেতরে আরেকটি সরকার বা ‘কিচেন কেবিনেট’ থাকার অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসিফ নজরুল তা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো সরকার কি ছিল, যেখানে অনানুষ্ঠানিক পরামর্শক বলয় ছিল না?

তিনি আরও বলেন, কোনো না কোনোভাবে এমন একটি ঘনিষ্ঠ পরামর্শক গোষ্ঠী সব সময়ই থাকে। যারা কোনো নির্দিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন, তাঁদেরই সে আলোচনায় রাখা হতো।

এক সাবেক উপদেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টা হয়তো সব সিদ্ধান্ত প্রক্রিয়ায় ছিলেন না, তবে শ্রম আইন–সংক্রান্ত সিদ্ধান্তে তিনিই ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। একইভাবে নির্বাচন কমিশনের নির্বাচন আইন খসড়া নিয়ে আলোচনায় যার বেশি অভিজ্ঞতা ছিল, তাকেই বেশি মতামত দিতে বলা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ