রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সভাপতি হলেন ড. ইউনূস
রাশিয়ান ফেডারেশন সরকারের অধীন ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত হয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (২৭ নভেম্বর) ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
২০২৩ সালের ২৩ নভেম্বর নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ও রাশিয়ান ফেডারেশন সরকারের অধীন ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর স্তানিস্লাভ প্রোকোফিয়েভের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়টিতে একটি আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রফেসর ইউনূসকে এই উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত করার প্রস্তাব দেন এবং তিনি তা সানন্দ্যে গ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটি রাশিয়ার শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম। এর একাডেমিক স্টাফের সংখ্যা ৩ হাজার।
গত বছর প্রফেসর ইউনূস এ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি ‘তিন শূন্য’ অর্থাৎ শূন্য নিট কার্বন নিঃস্বরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্বের লক্ষ্য অর্জনে সামাজিক ব্যবসাভিত্তিক একটি নতুন সভ্যতা নির্মাণে তার চিন্তা-ভাবনা ও রূপকল্প তুলে ধরেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটির এই আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড একটি পরামর্শকেন্দ্রিক উচ্চশিক্ষামূলক কমিটির মতো কাজ করবে, যার মূল লক্ষ্য হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক অভিজ্ঞতাগুলো কাজে লাগানো, বিষয়বস্তুভিত্তিক গভীর বিশেষজ্ঞ-বিশ্লেষণ প্রদান, কৌশলগত উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তৈরি এবং বিশ্ববিদ্যালয়টির জন্য একাডেমিক, গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মসূচি গ্রহণে সহায়তা করা।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট প্রফেসর মিখাইল এসকিন্দারভ, একাডেমিক অ্যাফেয়ার্সবিষয়ক ভাইস রেক্টর প্রফেসর একাতেরিনা কামেনেভা, সেন্টার ফর ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড এডুকেশনাল প্রজেক্টসের পরিচালক প্রফেসর কিরিল বাবায়েভ, ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগের প্রধান লিলিয়া প্রিখোদকো এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব রাশিয়ার সার্ভিস ফর দ্য প্রটেকশন অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস টু কনজ্যুমারস অ্যান্ড মাইনরিটি শেয়ারহোল্ডারসের প্রধান মিখাইল মামুতা।
অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড এডুকেশনাল প্রজেক্টসের এবং ইনস্টিটিউট অব ফার ইস্টার্ন স্টাডিজ অব দ্য রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের পরিচালক ভাষাতত্ত্ব বিজ্ঞানে ডক্টরেট অধ্যাপক কিরিল বাবায়েভকে আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সেক্রেটারি পদে নিয়োগ দেওয়া হয়।
এ ছাড়াও সভায় অংশগ্রহণকারীরা ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটি ও ইউনূস সেন্টারের মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর স্তানিস্লাভ প্রোকোফিয়েভ টেকসই ও দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়নের গ্যারান্টি হিসেবে সামাজিক ব্যবসার ধারণার প্রতি তার অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে