প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ড. মো. শাকিরুল ইসলাম খান অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে এই দায়িত্ব গ্রহণ করবেন। তার এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও নীতিসংক্রান্ত কাজ পরিচালনা করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির তদারকিও করবেন তিনি।
ড. শাকিরুল ইসলাম খান একজন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ। এর আগে তিনি জাপানের ওইতা বিশ্ববিদ্যালয়, এহিমে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে