Views Bangladesh Logo

রোটারি ইন্টারন্যাশনালের ‘এভিনিউ অব সার্ভিস’ পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার

মানবতার সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫-২০২৬ বর্ষের জন্য রোটারি ইন্টারন্যাশনালের মর্যাদাপূর্ণ ‘এভিনিউ অব সার্ভিস’ পদক লাভ করেছেন দেশের প্রথম ক্যান্সার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ, রোটারিয়ান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

শনিবার (৮ আগস্ট) বিকেলে বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত রোটারি জেলা ৬৪ ও ৬৫-এর যৌথ মেম্বারশিপ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। রোটারি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে পদক হস্তান্তর করেন কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক আবিদুজ্জামান।

জানা গেছে, এ বছর রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮৪ (৬৪) এবং ৩২৮৫ (৬৫) থেকে ৫ জন করে বাংলাদেশে মোট ১০ জন রোটারিয়ানকে এই সম্মানজনক পদক প্রদান করা হয়।

ডা. রাসকিন একজন নিবেদিতপ্রাণ রোটারিয়ান। তিনি ইতিপূর্বে ক্লাব প্রেসিডেন্ট, সহকারী গভর্নর, জেলা ক্যান্সার কমিটির চেয়ারম্যান ও ডেপুটি কো-অর্ডিনেটরের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। বর্তমানে তিনি ডিস্ট্রিক্ট ৬৪-এর প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে সুদীর্ঘ ৩০ বছর বিভিন্ন পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন ডা. রাসকিন। বর্তমানে তিনি প্রকল্প সমন্বয়কারী হিসেবে ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল’ গড়ে তোলার দায়িত্ব পালন করছেন। এছাড়া দিনাজপুরের ‘বেগম খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল’ প্রকল্পের অবৈতনিক উপদেষ্টা হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এর পাশাপাশি বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি ক্যান্সার প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, স্ক্রিনিং ও অসচ্ছল রোগীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ