Views Bangladesh Logo

এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে, আগের সেই উৎসবমুখর পরিবেশ নেই: ডা. এজাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে এফডিসির বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজ আহমেদ। তিনি বলেন, একসময় কর্মব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত থাকা এফডিসি এখন অনেকটাই প্রাণহীন হয়ে পড়েছে।

শুক্রবার এফডিসিতে ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডা. এজাজ বলেন, কষ্ট লাগে যখন হুমায়ূন স্যারের ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’ কিংবা ‘শ্যামল ছায়া’ ছবির কাজের সময়ের এফডিসির কথা মনে পড়ে। তখন এখানে কী দারুণ উৎসবমুখর পরিবেশ ছিল! যারা সেই সময় দেখেননি, তারা বর্তমানের এই শূন্যতা বুঝবেন না। এখন এফডিসিতে ঢুকলে আগের সেই ব্যস্ততা, উৎসব আর উচ্ছ্বাস চোখে পড়ে না।

তবে অতীতের গৌরব হারানোর বেদনার মধ্যেও দেশের চলচ্চিত্র নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শিল্পী সমিতির নির্বাচনকে চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, একদল মানুষ আন্তরিকভাবে চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে কাজ করছেন এবং তাদের এই প্রচেষ্টা অবশ্যই ফল দেবে।

ডা. এজাজ বলেন, দর্শক এখন আগের তুলনায় বেশি সিনেমা হলে ফিরছেন। তার ভাষায়, ‘এখন ভালো মানের সিনেমা নির্মিত হচ্ছে, দর্শকও তা গ্রহণ করছেন। তাই আমি কখনোই বলব না যে চলচ্চিত্র পিছিয়ে আছে। বরং আমি মনে করি, আমাদের চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে।’

হতাশাকে কখনো প্রশ্রয় না দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। ডা. এজাজ বলেন, ‘হতাশ হয়ে গেলে সামনে এগোনো যায় না। আমি সবসময় ইতিবাচকভাবে কাজ করতে চাই। চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী।’

তিনি আশা প্রকাশ করেন, চলচ্চিত্রের স্বার্থে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের প্রচেষ্টার মাধ্যমে দেশের চলচ্চিত্রশিল্প আবারও তার হারানো গৌরব ফিরে পাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ