Views Bangladesh Logo

ইবোলা আতঙ্কে কঙ্গো ও চিলির বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকির জেরে ডিআর কঙ্গোর একটি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে। আগামী ৯ জুন স্পেনের একটি শহরে চিলির বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্থানীয় মেয়রের একটি বিশেষ আদেশে ম্যাচটি স্থগিত করা হয়।

দক্ষিণ স্পেনের লা লিনিয়ার শহরের মেয়র হুয়ান ফ্রাঙ্কো ম্যাচটি বাতিলের ঘোষণা দিয়ে বলেন, ‘আমি আগামী ৯ জুন ডিআর কঙ্গো এবং চিলির মধ্যকার ম্যাচটি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকারি আদেশে স্বাক্ষর করেছি।’

মেয়র ফ্রাঙ্কো জানান, এটি একটি ‘সতর্কতামূলক পদক্ষেপ’। আন্দালুসিয়া অঞ্চলের স্বাস্থ্য বিভাগের সুপারিশ মেনেই তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

জিব্রাল্টার সীমান্তের কাছাকাছি অবস্থিত ৬৫ হাজার জনসংখ্যার এই শহরের চিকিৎসা প্রধানও ম্যাচটি আয়োজনের বিপক্ষে তীব্র মত দিয়েছিলেন। মেয়র বলেন, ‘আমাদের স্বাস্থ্যসেবা প্রধানের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, ম্যাচটি আয়োজন করলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।’

দীর্ঘ বিরতির পর ১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ডিআর কঙ্গো। ইবোলা পরিস্থিতির কারণে তারা নিজ দেশে বিশ্বকাপ পূর্ববর্তী অনুশীলন ক্যাম্প বাতিল করে বেলজিয়ামে ঘাঁটি গেড়েছে। বুধবার বেলজিয়ামের লিয়েজ শহরে ডেনমার্কের বিপক্ষে তাদের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।

গত মে মাসের মাঝামাঝিতে পূর্ব কঙ্গোয় এই সংক্রামক রক্তক্ষরণকারী জ্বরের (ইবোলা) প্রাদুর্ভাব দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ২২ মে মার্কিন কর্তৃপক্ষ জানায়, কঙ্গো ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে অবশ্যই ২১ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। কঙ্গো দলের মূল ঘাঁটি করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের হিউস্টনে। সেখানে আগামী ১৭ জুন পর্তুগালের বিপক্ষে ‘কে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ২৪ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় কলম্বিয়ার মুখোমুখি হবে কঙ্গো এবং ২৮ জুন আবারও যুক্তরাষ্ট্রে ফিরে আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে দলটি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ