Views Bangladesh Logo

ডা. এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডা. এ বি এম আবদুল্লাহর নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই পদের বিপরীতে উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুন সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশন সভায় আলোচ্যসূচির বহির্ভূতভাবে একজন সদস্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়েছিল।
একই সভায় পুনরায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা ছিল বিধিবহির্ভূত। তাই নিয়োগ অনুমোদন করা যায় না।

এরই পরিপ্রেক্ষিতে, ৯২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক হিসেবে দেওয়া আজীবন নিয়োগটি বাতিল করা হলো। একই সঙ্গে ওই সভার তারিখ থেকে অধ্যাপক ইমেরিটাস পদের বিপরীতে তাঁর উত্তোলিত বেতন-ভাতাদিও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অফিস আদেশে যোগ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক এ বি এম আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমি একটা চিঠি পেয়েছি। এটা একটা সন্মানীত পদ, পাঁচটা পর্যায় পার করে তারপর, এটা অনুমোদন দেয়া হয়। আজকে চিঠি পাইলাম, আমার পদ নাকি বাতিল করা হইছে, এটা তারা জেদ থেকে করছে। এছাড়া অন্য কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার সাথে যেটা করেছে, সেট অন্যায় করেছে। আমার ওপর অবিচার করা হয়েছে। আমি রাজনৈতিকভাবে কোথাও জড়িত না, শেখ হাসিনার চিকিৎসা করলেই কি আমি খারাপ হয়ে গেলাম। আমি ৫০ বছর যাবত অনেক মানুষের চিকিৎসা করেছি। এটাই আমার কাজ। পৃথিবীর ইতিহাসে কোথাও এভাবে একটা সম্মানজনক পদ ছিনিয়ে নেওয়ার নজির নেই। এটা চরম অন্যায়।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ