সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রাথমিক শিক্ষকদের সতর্কবার্তা
সরকারি বিধিমালা অমান্য করে সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহারের বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ডিজিটাল মাধ্যমে আচরণ সংক্রান্ত সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে শিক্ষকদের প্রতি এই নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ জুন) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ অনুসরণ করা সকল সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক।
কর্তৃপক্ষ লক্ষ্য করেছে, সাম্প্রতিক সময়ে কিছু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু মন্তব্য ও কনটেন্ট পোস্ট করছেন, যা সরকারি নির্দেশিকার পরিপন্থী। এসব পোস্টের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সরকারের কোনো বিভাগ বা দাপ্তরিক সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা, অপপ্রচার বা অবমাননাকর মন্তব্য করা এবং তা পোস্ট বা শেয়ার করা সরকারি চাকরি বিধিমালা পরিপন্থী। এ ধরনের কাজকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের মনিটরিং কমিটিকে শিক্ষকদের অনলাইন কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছে ডিপিই। এই কমিটিগুলোকে শিক্ষকদের সোশ্যাল মিডিয়ার আচরণ পর্যালোচনা করতে প্রতি মাসে অন্তত একটি সভা করার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে নিয়ম লঙ্ঘনকারী শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর জন্য বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুব আইরিন স্বাক্ষরিত এই নির্দেশনাটি দেশের সকল বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারিনটেনডেন্ট এবং উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সূত্র: বাসস
মতামত দিন