Views Bangladesh Logo

একসঙ্গে নয়, আবেদনের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ডাবল শিফট চালু হবে: শিক্ষামন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একযোগে ‘ডাবল শিফট’ চালুর পরিকল্পনা নেই সরকারের। শিক্ষার্থীর চাপ, স্থানীয় চাহিদা এবং প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনা করে আবেদন পাওয়া সাপেক্ষে প্রতিষ্ঠানভিত্তিকভাবে দ্বিতীয় শিফট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেমর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস জানতে চান, ঢাকাসহ দেশের বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শিফট চালু করে আসন সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। এর জবাবে লিখিত বক্তব্যে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীর চাপ ও স্থানীয় প্রয়োজন বিবেচনায় প্রচলিত নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট চালুর সুযোগ রয়েছে।

তবে সব প্রতিষ্ঠানে একসঙ্গে এ ব্যবস্থা চালু করা হবে না বলে জানান তিনি। কোনো প্রতিষ্ঠান থেকে আবেদন পাওয়ার পর সেখানে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয়তা, শ্রেণিকক্ষ ও অন্যান্য অবকাঠামো, আসবাবপত্র, স্যানিটেশন ব্যবস্থা এবং প্রয়োজনীয় শিক্ষক ও কর্মচারী রয়েছে কি না, তা যাচাই করা হবে।

এ ছাড়া দুই শিফটে নির্ধারিত পাঠঘণ্টা ও পাঠ্যসূচি যথাযথভাবে শেষ করার সক্ষমতা, প্রতিষ্ঠানের একাডেমিক ফলাফল, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং অতিরিক্ত আর্থিক ব্যয়ের বিষয়ও বিবেচনায় নেওয়া হবে। একই সঙ্গে দ্বিতীয় শিফট চালু হলে শিক্ষার মান বজায় রাখা সম্ভব হবে কি না, সেটিও পর্যালোচনা করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আবেদনকারী প্রতিষ্ঠানের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশ পাওয়া গেলে মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে। অনুমোদন মিললে নির্ধারিত শর্ত মেনে পরবর্তী উপযুক্ত শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় শিফট চালু করা যাবে।

দেশব্যাপী এই কার্যক্রম বাস্তবায়নের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি বলেও জানান শিক্ষামন্ত্রী। তাঁর ভাষ্য, এটি প্রতিষ্ঠানভিত্তিক আবেদন, যাচাই ও অনুমোদনের বিষয় হওয়ায় অভিন্ন কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয়। পূর্ণাঙ্গ প্রস্তাব পাওয়ার পর প্রচলিত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ