দোরিয়েলতনের হ্যাটট্রিকে ফেডারেশন কাপ জিতে কিংসের ট্রেবল
ভেন্যু নিয়ে অন্তহীন জলঘোলা, ম্যাচ বাতিলের আবেদন— ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে মাঠের বাইরে নাটকীয়তার কমতি ছিল না। সব বিতর্কের অবসান ঘটিয়ে কিংস অ্যারেনার সবুজ গালিচায় রচিত হলো দারুণ এক লড়াই।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেসের জাদুকরী হ্যাটট্রিকে ৩-২ ব্যবধানে ফেডারেশন কাপের শিরোপা জিতে নিল বসুন্ধরা কিংস। এই জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুধু শিরোপা ধরে রাখেনি, একই মৌসুমে চ্যালেঞ্জ কাপ, বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের ট্রফি জিতে গড়েছে ‘ট্রেবল’ জয়ের অনন্য কীর্তি। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে দুবার ট্রেবল জয়ের স্বাদ পেল তারা।
যে মাঠে খেলতে আপত্তি ছিল, সেই কিংস অ্যারেনাতেই ম্যাচের পঞ্চম মিনিটে মোহামেডানকে উল্লাসে ভাসান মুজাফফরভ মুজাফফর। বক্সের খানিকটা সামনে থেকে তার নেওয়া দর্শনীয় কোনাকুনি ফ্রি কিকটি কেবল চেয়ে দেখা ছাড়া কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের কিছুই করার ছিল না।
তবে সেই গোল হজম করে দমে যায়নি কিংস। পরের মিনিটেই বক্সের ভেতর স্যামুয়েল রাকসামকে শাকিল আহাদ তপু ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মোহামেডানের জোরালো আপত্তির মুখে কিছুটা সময় পেরিয়ে নবম মিনিটে স্পট কিক থেকে কিংসকে সমতায় ফেরান দোরিয়েলতন গোমেস।
হাই প্রেসিং ফুটবলে মোহামেডান ব্যতিব্যস্ত করে রাখে কিংসের রক্ষণকে। ২২ মিনিটে বক্সের ভেতর সাফিউল হাসানকে তপু বর্মণ ফাউল করলে পেনাল্টি পায় মোহামেডান। স্পট কিক নেন মুজাফফর, তবে এবার তার শট দুর্দান্ত দক্ষতায় ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। পেনাল্টি মিসের হতাশা ভুলে ৩৪ মিনিটে আবারও এগিয়ে যায় সাদা-কালোরা। জাহিদ হাসান শান্তর নিখুঁত কাটব্যাকে পা ছুঁইয়ে বল জালে পাঠান সৌরভ দেওয়ান, আসরে এটি তার সপ্তম গোল।
এগিয়ে গিয়ে মোহামেডান উজ্জীবিত থাকলেও দোরিয়েলতনকে বারবার ফাঁকায় রাখছিল। যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। সেই হতাশা মেটাতে বেশি সময় নিলেন না তিনি। বিরতির পর ৫০ মিনিটে রাকিবের থ্রু বল কাজে লাগিয়ে মোহামেডান গোলরক্ষক সুজন হোসেনকে পরাস্ত করে ম্যাচে আনেন সমতা।
সমতার পর কিংসের আক্রমণের তোড়ে কোণঠাসা হয়ে পড়ে মোহামেডানের রক্ষণভাগ। ৭৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত — মোহামেডানের রক্ষণকে বোকা বানিয়ে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি কিংসকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান গোলমেশিন।
দারুণ এই গোলের পর আর আবেগ ধরে রাখতে পারেননি দোরিয়েলতন। জার্সি খুলে বুনো উদ্যাপনে মাতেন তিনি। এই হ্যাটট্রিকে আসরে নিজের গোলসংখ্যা ১২-তে নিয়ে গেলেন দোরিয়েলতন, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে কিংস অ্যারেনায় শুরু হয় কিংসের ঐতিহাসিক ট্রেবল উৎসব। ফেডারেশন কাপে এটি তাদের হ্যাটট্রিক ও সবমিলিয়ে পঞ্চম শিরোপা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে