Views Bangladesh Logo

না ফেরার দেশে ‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামা

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যানিমেশন ‘ডোরেমন’-এর পরিচালক জাপানের সুতোমু শিবায়ামা আর নেই। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে তিনি মারা যান। তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও ‘এশিয়া দো’ বুধবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। জাপানি অ্যানিমেশন শিল্পে পথপ্রদর্শকদের একজন হিসেবে তাকে বিবেচনা করা হয়।

সুতোমু শিবায়ামা ১৯৮৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত ‘ডোরেমন’ টিভি সিরিজের প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই নির্মিত হয়েছে ডোরেমনের ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নোবিতা, শিজুকা ও ডোরেমন চরিত্রগুলোকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলতে তার অবদান ছিল অনন্য।

১৯৬৩ সালে একটি অ্যানিমেশন প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে একাধিক জনপ্রিয় অ্যানিমেশন নির্মাণ করেন এবং নিজস্ব স্টুডিও গড়ে তোলেন।

অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের জন্য ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে।

তার মৃত্যুতে অ্যানিমেশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা প্রিয় শৈশবের নির্মাতাকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন। অনেকেই তার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ