কোচ হিসেবে ডুলির নিয়োগ নিয়ে নতুন তথ্য দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে নতুন প্রধান কোচ হিসেবে থমাস ডুলির নাম ঘোষণার একদিন পরই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাবি করেছেন, জার্মান বংশোদ্ভূত এই মার্কিন কোচের সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি।
শনিবার (২৩ মে) রাজধানীতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে’র এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। এর আগে এক ফেসবুক পোস্টে বাফুফে জানিয়েছিল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন থমাস ডুলি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার থেকেই বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে তাকে।
আমিনুল হক বলেন, ‘আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটিকে ডুলির জন্য পরীক্ষার মঞ্চ হিসেবে দেখা হবে।’
তিনি আরও বলেন, ‘আমার মতে, বাংলাদেশের ফুটবলের বর্তমান বাস্তবতা বিবেচনায় আগে কোচকে পরীক্ষামূলকভাবে মূল্যায়ন করা উচিত। আমি ইতোমধ্যে বাফুফে সভাপতিকে বলেছি, ভবিষ্যতে আরও ভালো কোনো বিকল্প পাওয়া গেলে যেন দ্রুত তাকে আনার জন্য খোঁজ চালিয়ে যাওয়া হয়।’
এদিকে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানান, থমাস ডুলিকে নিয়োগ দেওয়ার বিষয়ে তাঁর (প্রতিমন্ত্রী) সঙ্গে বাফুফের কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, ‘ক্রিস কোলম্যানকে নিয়ে তারা আমার সার্বিক সহযোগিতা চেয়েছিল এবং আমি তাতে সম্মতি দিয়েছিলাম। কিন্তু থমাস ডুলির নিয়োগের বিষয়ে বাফুফে আমার কোনো সহায়তা চায়নি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে