৬ ফুট ৪ ইঞ্চির সাইফকে পরখ করছেন ডুলি, স্বাগতম জানালেন জামাল ভূঁইয়া
জাতীয় দলের গোলরক্ষক সমস্যার সমাধান খুঁজতে এবার যুক্তরাষ্ট্রপ্রবাসী ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার সাইফ কেরাওয়ালার দিকে নজর দিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। গত কয়েক দিন ধরেই লাল-সবুজের স্কোয়াডের সঙ্গে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ২৯ বছর বয়সী এই গোলরক্ষক।
যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা সাইফের বাবা বাংলাদেশি এবং মা আমেরিকান। জাতীয় দলে নিজের অবস্থান শক্ত করতে এবং লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্নপূরণে অনুশীলনে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তিনি। নতুন এই সতীর্থকে বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও স্কোয়াডের অন্য সদস্যরা। অনুশীলনের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে জামাল ভূঁইয়া লিখেছেন, ‘গোলকিপারদের এবং আমাদের নতুন সতীর্থ সাইফ কেরাওয়ালার সঙ্গে একটি ছবি। তিনি ওয়াশিংটন থেকে এসেছেন। দলে স্বাগতম।’
এদিকে যুক্তরাজ্যপ্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে পুনরায় ট্রায়ালে ডাকার সিদ্ধান্ত নিয়ে দেশের ফুটবলাঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে ডুলি জানান, মিচেলকে নিজ খরচে বাংলাদেশে এসে ট্রায়াল দিতে হবে। ডুলির সাফ কথা, ‘সে সপ্তম বা অষ্টম স্তরের লিগে খেলে। সেটি তো কোনো পেশাদার লিগ নয়। কিউবার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই; তার ওপর আমার কোনো ক্ষোভও নেই। আমি চাই সে এখানে আসুক এবং তার কী সামর্থ্য আছে, তা দেখাক। এটা কি ভুল কিছু?’
ফেডারেশনের আর্থিক সীমাবদ্ধতা তুলে ধরে কোচ আরও বলেন, ‘জাতীয় দলের হয়ে মাত্র এক বা দুই মিনিট খেলা প্রত্যেক খেলোয়াড়কে এই দেশে নিয়ে আসার জন্য কি ফেডারেশনকে টিকিটের খরচ দিতে হবে? অবশ্যই না! আমাদের সেই বাজেট নেই। একেকজনের পেছনে দুই হাজার ডলার খরচ হয়। এমন পাঁচজন খেলোয়াড় হলে ১০ হাজার ডলার খরচ পড়ে যায়। সবাইকে ডেকে এনে খেলানোর জন্য নিজের খরচে টিকিট কেটে দেওয়ার মতো টাকা আমাদের নেই।’
পূর্বে বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও কিউবার ম্যাচ টাইমিং কম থাকায় সতর্ক অবস্থানে আছেন আমেরিকান এই কোচ। তবে এর পরও কিউবা মিচেলের জন্য জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলেও ইঙ্গিত দিয়েছেন থমাস ডুলি।
মতামত দিন