বিতর্কে স্বৈরশাসকদের সুযোগ দেবেন না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিতর্কের সময় এমন কিছু করা উচিত নয় যেন, স্বৈরশাসক ও তাদের সহযোগী বা দেশের মঙ্গল চান না, তারা সুযোগ পেয়ে যান। আমরা যদি অযথা সংস্কার নিয়ে আলোচনা করতেই থাকি, তাহলে রাষ্ট্রের মূল সমস্যাগুলো আড়াল হয়ে যেতে পারে’।
অন্তর্বর্তী সরকারকে অযথা সংস্কার নিয়ে আলোচনা না করে দ্রুত নির্বাচন আয়োজনেরও আহ্বান জানান তিনি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন তারেক রহমান।
তিনি জোর দিয়ে বলেন, ‘যতো বেশি গণতন্ত্রের চর্চা করা হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া ততো বেশি স্বচ্ছ হবে। গণতান্ত্রিকভাবে দলের মধ্যে নেতা নির্বাচন করছে বিএনপি’।
বিএনপি ক্ষমতায় এলে নারী, শিক্ষা, কৃষি এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে মনোযোগ দেবে বলে আশ্বাস দিয়ে অন্তর্বর্তী সরকারকেও এসব খাতে মনোযোগ দেয়ার পরামর্শ দেন তারেক রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, শামসিমুল ইসলাম শামীম, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য কুমার ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।
বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সৈয়দা নার্গিস আলী, কাজী মিজানুর রহমান, কে এম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, শেখ মোহাম্মদ আলী বাবু এবং মুর্শিদ কামাল বক্তব্য রাখেন।
বিকালে জেলা স্টেডিয়ামে কাউন্সিল অধিবেশন শুরু হয়। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দেবেন ৫০৫ জন।
খুলনা মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০০৯ সালের ২৩ নভেম্বর এবং উপদেষ্টা কমিটি গঠিত হয় ২০২১ সালের ৯ ডিসেম্বর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে