রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে কিছুই জানি না: মির্জা ফখরুল
রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন। রোববার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমকে তিনি বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
রোববার রাত ৮টার দিকে এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই।’
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে মির্জা ফখরুলকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা চলছে। তবে দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বিএনপির অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম দলীয় পর্যায়ে আলোচনায় রয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ১৯৯২ সালে তিনি বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। একই সময়ে জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতির দায়িত্বও পালন করেন।
১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জয়ী হতে পারেননি। ২০০১ সালের নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে মির্জা ফখরুল প্রথমে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত তিনি মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে তিনি আবারও রমেশ চন্দ্র সেনের কাছে পরাজিত হন। এর পরের বছর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন।
২০১১ সালের ২০ মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি দলের মহাসচিব নির্বাচিত হন। এরপর থেকে তিনি এ পদে রয়েছেন।
এদিকে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ হবে।
অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির বাইরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে। ফলে নির্বাচন শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে ১৯৯১ সালের পর এটি হতে পারে একাধিক প্রার্থীর অংশগ্রহণে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।
মতামত দিন