সংসদে স্পিকার বললেন ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বক্তব্যের সময় বাড়ানোর অনুরোধ না জানাতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’
শনিবার (২৭ জুন) বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরুর আগে স্পিকার এ নির্দেশনা দেন।
তিনি বলেন, হাতে সময় খুবই সীমিত। তাই সরকারি ও বিরোধী দলের হুইপরা সদস্যদের জন্য যে সময় নির্ধারণ করেছেন, তার বাইরে বক্তব্যের সময় বাড়ানো হবে না।
স্পিকার বলেন, আজ এবং আগামীকাল—এই দুই দিন বাজেটের ওপর আলোচনা চলবে। এরপর অন্যান্য কার্যক্রম শুরু হবে। আপনাদের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে, সেটি মেনেই বক্তব্য শেষ করতে হবে।
তিনি সংসদ সদস্যদের সময় পরিকল্পনা করে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বক্তব্য যেন অসমাপ্ত না থাকে, সে জন্য নির্ধারিত সময়ের মধ্যেই আলোচনা শেষ করা উচিত।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনাতেও সময়সীমা নির্ধারণ করে দেন স্পিকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ প্রস্তাব উত্থাপনের পর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিতে চাইলে স্পিকার বলেন, পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করলে আমরা দ্রুত বাজেট আলোচনায় ফিরতে পারব।
ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর বাজেট আলোচনায় প্রথম বক্তা হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে ছয় মিনিট সময় দেওয়া হয়। নির্ধারিত সময় শেষ হলে স্পিকার তাকে বক্তব্য থামিয়ে দেন।
পরে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে ১০ মিনিট সময় দেওয়া হয়। বক্তব্যের শেষ দিকে তিনি আরও দুই মিনিট সময় চাইলে স্পিকার তা নাকচ করে বলেন, ‘সময় নাই।’
এরপরও ফজলুল হক মিলন অতিরিক্ত সময়ের অনুরোধ করলে স্পিকার রসিকতার সুরে বলেন, ‘মুদি দোকানে যেমন লেখা থাকে—‘বাকি চাহিয়া লজ্জা দিবেন না’; তেমনি ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণকে ছয় মিনিট সময় দিয়ে স্পিকার পরামর্শ দেন, ঘড়ির দিকে নজর রেখে বক্তব্য দিতে এবং নির্ধারিত সময় শেষ হওয়ার অন্তত এক মিনিট আগে বক্তব্য গুটিয়ে আনতে।
একইভাবে চট্টগ্রামের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অতিরিক্ত সময়ের প্রত্যাশা ব্যক্ত করলে স্পিকার তাকে আবারও নির্ধারিত সময় মেনে বক্তব্য শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’
মতামত দিন