Views Bangladesh Logo

‘আমার জীবন নিয়ে উপদেশ দেবেন না’, সমালোচনার জবাব দিলেন বাঁধন

‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেছেন, নিজের সিদ্ধান্ত নিয়ে অযাচিত পরামর্শ না দিয়ে সমালোচকদের তাদের মূল্যবান সময় অন্য কাজে ব্যয় করা উচিত।

রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। বাঁধন জানান, ‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না। তবে ছবির গল্প এবং পুরো টিমের কাছ থেকে পাওয়া সম্মান ও সহযোগিতাই তাকে কাজটি করতে উৎসাহিত করেছে।

তিনি লেখেন, এই সিনেমায় কাজ করতে রাজি হওয়াটা আমার জন্য সত্যিই খুব কঠিন একটি সিদ্ধান্ত ছিল। তবে গল্পটি আমার খুব ভালো লেগেছে। আর এ পর্যন্ত পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটিও আমি আন্তরিকভাবে মূল্যায়ন করি।

দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বাঁধন বলেন, বিভিন্ন নির্মাতা ও নানা ধরনের প্রযোজনায় কাজ করতে গিয়ে তিনি যেমন ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন, তেমনি কঠিন সময়ও পার করেছেন। তবে প্রতিটি অভিজ্ঞতাই তাকে আরও পরিণত ও শক্তিশালী করেছে।

তিনি আরও লেখেন, জীবনে যা কিছু পেয়েছি এবং আল্লাহ আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছেন, তার সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ। প্রতিটি অভিজ্ঞতাই আমাকে আরও শক্তিশালী করেছে।

সমালোচকদের উদ্দেশে পোস্টের শেষ অংশে বাঁধন স্পষ্ট ভাষায় বলেন, অন্য কেউ তার জীবন বা দায়িত্ব বহন করেন না। তাই তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে অযথা উপদেশ না দেওয়ার আহ্বান জানান তিনি।

তার ভাষায়, কেউ এসে আমার খরচটা পরিশোধ করে না বা আমার জীবনটা যাপন করে না। তাই দয়া করে আমার সিদ্ধান্তগুলো নিয়ে আমাকে উপদেশ দিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। আমার জীবনে এমন মানুষ আছেন, যাদের পরামর্শ আমি বিশ্বাস করি, সম্মান করি এবং শুনি।

সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’-তে বাঁধনের যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয়ের পর কেন তিনি একটি বাণিজ্যিক ঘরানার ছবিতে কাজ করছেন।

উল্লেখ্য, ‘গুলশানের চামেলি’ চলচ্চিত্রে বাঁধনের পাশাপাশি অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা, আমিন খান, আশীষ খন্দকারসহ আরও অনেক শিল্পী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ