ক্যারলকে ৮৩ মিলিয়ন ডলার জরিমানা দিতে ট্রাম্পকে আদালতের নির্দেশ
এক মার্কিন লেখিকাকে ধর্ষণ ও মানহানির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩ দশমিক ৩ মিলিয়ন বা ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। স্থানীয় সময় শুক্রবার (২৬ জানুয়ারি) নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতের নয় সদস্যের প্যানেল ট্রাম্পকে এই নির্দেশ দেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এ ব্যাপারে আদালত জানিয়েছে, ভুক্তভোগী এলিজাবেথ জেন ক্যারলকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে। আর সুনাম ক্ষুন্ন হওয়ায় ক্যারল ১১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন। মানসিক ক্ষতিসাধনের জন্য ক্যারলকে বাকি ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দিতে হবে।
তবে আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প।
এই সাবেক সাংবাদিক-কলাম লেখকের অভিযোগ, ১৯৯৬ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে তাঁকে ধর্ষণ করেছিলেন ট্রাম্প। ওই সময় তিনি একজন বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাঁকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। একইসঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন তিনি।
তবে ক্যারলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, নিজের প্রচারণার জন্য এমন ‘কল্পকাহিনি’ বলছেন ক্যারল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে