Views Bangladesh Logo

বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে বসেছিল বিশ্বসুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জয় করেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ নির্বাচিত হয়ে এই বিশ্বমঞ্চে আসার সুযোগ পান জোহেইরি মোলা। ফ্যাশন ও মডেলিং জগতের পরিচিত এই মুখ একাধারে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবে কাজ করছেন।

অনুষ্ঠানে বিজয়ী জোহাইরির মাথায় ঐতিহ্যবাহী নীল মুকুটটি পরিয়ে দেন পূর্ববর্তী আসরের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন মিস ওয়ার্ল্ড স্পেনের এলিসাবেথ রেনেস এবং দ্বিতীয় রানার-আপের খেতাব অর্জন করেছেন মিস ওয়ার্ল্ড মালয়েশিয়ার তানুসিয়া শেঠি।

প্রখ্যাত সংগঠক এরিক মরলি ১৯৫১ সালে যুক্তরাজ্যে যে আয়োজনের সূচনা করেছিলেন, তা আজ বিশ্বের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা। শুধু বাহ্যিক রূপ নয়; প্রাথমিক চ্যালেঞ্জ, বন্ধ দরজার পেছনের ব্যক্তিত্ব পরীক্ষা এবং মঞ্চে বিচারকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েই বিজয়ের মুকুট পরতে হয় প্রতিযোগীদের।

এ বছরের আসরে আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবিয়ান, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া—এই চার মহাদেশের ১১১ জন প্রতিযোগী অংশ নেন। শুরুতে বিভিন্ন চ্যালেঞ্জের ভিত্তিতে প্রথমে সেরা ৪০ জন রূপসীকে কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচন করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে শীর্ষ ২০ ও শীর্ষ ১২ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। সেখান থেকে সেরা ৬ ফাইনালিস্টের মুখোমুখি লড়াইয়ের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ী ও রানার-আপদের নাম ঘোষণা করে বিচারকমণ্ডলী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ