Views Bangladesh Logo

ঈদুল আযহায় আসছে 'ডোডোর গল্প' সিনেমার গান

আসন্ন ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র 'ডোডোর গল্প' (Story of Dodo)-এর গান 'জোছনায় ভাসা শহর'। গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ এবং কণ্ঠ দিয়েছেন ব্যান্ড সংগীতশিল্পী তানজির তুহিন। সংগীত আয়োজনে রয়েছেন শাকের রাজা।

প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটক। ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই চলচ্চিত্রের ড্রাফট কপি ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।


গানটি তৈরির পেছনে রয়েছে গভীর প্রস্তুতি। পরিচালক রেজা ঘটক জানান, গান তৈরির আগে প্রিন্স মাহমুদ তার সঙ্গে অন্তত সাত-আটবার একান্তে বসে সিনেমার দৃশ্য, আবেগ এবং চরিত্রের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বুঝে নিয়েছেন। সেই বোঝাপড়ার ভিত্তিতে প্রথমে সুর তৈরি হয়েছে, তারপর সেই সুর অনুসরণ করে স্যামুয়েল হক গানের কথা লিখেছেন। রেজা ঘটকের ভাষায়, 'পুরো গানটি একটি ইমোশনাল জার্নি। গানের সাথে জড়িত সবাই সিনেমার ইমোশনটাই ক্যারি করার চেষ্টা করেছেন।'

গানটি প্রসঙ্গে সুরকার প্রিন্স মাহমুদ বলেন, '৩১ বছর ধরে প্রতি ঈদে গান এসেছে। এবারও আসছি ঈদের ঠিক আগেই প্রিয় ব্যান্ড আর্টিস্ট তানজির তুহিনকে নিয়ে।' তিনি আরও জানান, এটি কোনো বাণিজ্যিক গান নয়, বরং আবেগ ও মানসিক সংযোগের গান। 'কানে হেডফোন লাগিয়ে শোনার গান 'জোছনায় ভাসা শহর'' — বলেন তিনি।

কণ্ঠশিল্পী তানজির তুহিন বলেন, 'প্রিন্স ভাই যে আবেগ দিয়ে গানটি তৈরি করেছেন, আমি সেটা উপলব্ধি করেই খুব দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। নেটিজেনদের গানটি ভালো লাগলে আমার গায়কি সার্থক হবে।' সংগীত আয়োজক শাকের রাজাও আশাবাদী। তিনি বলেন, 'প্রিন্স ভাই ও তুহিন ভাইয়ের সাথে গান করার আনন্দই আলাদা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গানটি শ্রোতাদের মন জয় করবে।'

প্রযোজক নাজমুল হক ভুঁইয়া জানান, সিনেমার দৃশ্যায়নের সঙ্গে সাদৃশ্য রেখেই গানটি তৈরি করা হয়েছে এবং এটি দর্শক-শ্রোতাদের মধ্যে চলচ্চিত্র সম্পর্কে প্রথম ধারণা তৈরি করবে।


ডোডোর গল্প সিনেমায় অভিনয় করেছেন পরীমণি, সাইমন সাদিক, আমিরুল হক চৌধুরী, ওয়ামিদা মল্লিক, শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম, রিফাত চৌধুরী, কাজী আনিসুল হক বরুণ, শেখ মাহবুবুর রহমান, আনন্দ খালেদ, ইকবাল হোসেন, সজিব মামুন, আজম খান, খায়রুল আলম টিপু, আল-আমিন দুরানী, শ্যামল হাসান, মাহিরা হাসান, সোহেল তৌফিক প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ