সৈয়দ আব্দুল হাদীর সুরময় জীবনের গল্প নিয়ে প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে…’
বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জীবন, সংগীতচর্চা এবং দীর্ঘ শিল্পীজীবনের নানা অজানা অধ্যায় নিয়ে নির্মিত হয়েছে বিশেষ প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে…’। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন খ্যাতিমান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
প্রামাণ্যচিত্রে খোলামেলা আলাপচারিতার মাধ্যমে উঠে এসেছে সৈয়দ আব্দুল হাদীর শৈশব, সংগীতজীবনের সূচনা, বাংলাদেশের সংগীতাঙ্গনের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তার প্রত্যাশার কথা। একই সঙ্গে স্থান পেয়েছে তার কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সংগীত ও সমাজের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথচলার অভিজ্ঞতা।
প্রামাণ্যচিত্রটি সম্পর্কে শাইখ সিরাজ বলেন, সৈয়দ আব্দুল হাদী শুধু একজন জনপ্রিয় শিল্পী নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার গান আমাদের ব্যক্তিগত স্মৃতি, সামাজিক পরিবর্তন এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এই প্রামাণ্যচিত্রে আমরা তার সাফল্যের গল্পের পাশাপাশি একজন শিল্পীর চিন্তা, দর্শন, মূল্যবোধ এবং সময়কে ধারণ করার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের জন্য এটি একজন জীবন্ত কিংবদন্তির অভিজ্ঞতা ও জীবনদর্শন থেকে শেখার মূল্যবান দলিল হয়ে উঠবে।
এর আগে শাইখ সিরাজ দেশের সাংস্কৃতিক অঙ্গনের আরও দুই কিংবদন্তিকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন। এর মধ্যে রয়েছে রাজ্জাকের জীবনভিত্তিক ‘রাজাধিরাজ রাজ্জাক’ এবং সাবিনা ইয়াসমিনকে নিয়ে নির্মিত ‘জুঁইফুল সাবিনা’।
আগামী ১ জুলাই সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন উপলক্ষে বিশেষ এই প্রামাণ্যচিত্রটি প্রচার করা হবে। সেদিন বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আই-তে সম্প্রচারিত হবে ‘গল্প আছে এখানে…’।
মতামত দিন