Views Bangladesh Logo

ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, কর্মবিরতি ও একাডেমিক কার্যক্রম বন্ধ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছেন মেডিকেল শিক্ষার্থীরা। এই ঘটনার জেরে বুধবার (৮ জুলাই) হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়।

মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও এক রোগীর স্বজনদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন ইন্টার্ন চিকিৎসকও রয়েছেন।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে এক শিশু রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। এ সময় কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের বাগবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে গড়ায়।

মেডিকেল শিক্ষার্থীদের অভিযোগ, রোগীর সঙ্গে থাকা ব্যক্তিরা বাইরে থেকে আরও লোকজন এনে ওই ইন্টার্ন চিকিৎসককে মারধর করেন। খবর পেয়ে অন্য ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে গেলে রাত ১২টা ৪৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জরুরি বিভাগের ভেতরে ও বাইরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ছয়জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন ইন্টার্ন চিকিৎসক তাসপিয়ানুল হক ও রেজা নিলয়, রোগীর কয়েকজন স্বজন এবং চতুর্থ বর্ষের এক মেডিকেল শিক্ষার্থী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ইন্টার্ন চিকিৎসকদের একজন গুরুতর আহত হয়েছেন, অন্যজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই সংঘর্ষের ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনার সময় আগত রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বুধবার ভোর পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন পুলিশ সদস্যরা।

পরে এ ঘটনায় পৃথক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে এটিকে দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর সরাসরি আঘাত বলে আখ্যায়িত করেন
ইন্টার্ন ডক্টরস ফোরাম ও মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সেই সঙ্গে তারা দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আন্দোলনরত চিকিৎসকরা জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দাবি পূরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টার্ন ডক্টরস ফোরাম। একইসঙ্গে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে জানিয়েছেন, চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এখনো এ বিষয়ে মেডিকেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ