Views Bangladesh Logo

সিলেটে ভাড়া বাসা থেকে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে ডা. পদ্মজিৎ চক্রবর্তীর (৩১) মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার ভেতরে চিকিৎসককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে কোতোয়ালি মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পরে তাঁকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পদ্মজিৎ চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রীও সিলেট নগরের সুবহানিঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে চিকিৎসকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে কী কারণে চিকিৎসক এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ