Views Bangladesh Logo

অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নির্ভয়ে ভোট দিন: জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিভিন্ন অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, “জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন একটি নির্দিষ্ট গোষ্ঠী জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে অপতথ্য ছড়াচ্ছে।”

জামায়াত আমির উল্লেখ করেন যে, মূলত ভোটারদের বিভ্রান্ত করতেই এই ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে। দেশবাসীকে এসব অপপ্রচারে কোনো প্রকার গুরুত্ব না দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানান তিনি।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটারের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়ে শফিকুর রহমান দেশবাসীর উদ্দেশে বলেন, “ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে।”

তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সাধারণ মানুষকে সজাগ থাকার পরামর্শ দেন। পোস্টের শেষে তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করেন এবং দেশবাসীর প্রতি গভীর সংহতি প্রকাশ করে নিজের বক্তব্য শেষ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ