মিরপুরে ৭৮টি ব্যাটারিচালিত রিকশা জব্দ, নিলামে ১০ লাখ টাকায় বিক্রি
রাজধানীর মিরপুরের প্রধান সড়কে অবৈধভাবে চলাচলের অপরাধে মোট ৭৮টি ব্যাটারিচালিত রিকশা আটক করে মোট ৩১৫টি ব্যাটারি জব্দ করা হয়। এসব জব্দকৃত ৭৮টি অটোরিকশা এবং ৩১৫টি ব্যাটারি পরে নিলামের মাধ্যমে ১০ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করে দেয়া হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনের প্রধান সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। এদিন দুপুর থেকে শুরু হয়ে এই অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, 'বর্তমান সময়ে ঢাকা শহরের প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল অনেক বেড়ে গেছে। প্রধান সড়কে বিপুল সংখ্যক অবৈধ অটোরিকশা চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।'
অভিযানে আরও অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটড (ডেসকো)। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে