Views Bangladesh Logo

অবশেষে ডিএনএ টেস্টে পিতৃপরিচয় ও উত্তরাধিকার পেলেন চট্টগ্রামের যুবক

দীর্ঘ ২৭ বছর পর অবসান হলো এক যুবকের পিতৃপরিচয় ও আত্মপরিচয়ের লড়াই। অবশেষে ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তাদের বাবা-ছেলের সম্পর্ক। এর ফলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের বাবার স্বীকৃতিসহ সম্পত্তির পূর্ণ উত্তরাধিকার ফিরে পেয়েছেন চট্টগ্রামের এক যুবক।

গত রোববার (৮ জুন) চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতায় দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আপস-মীমাংসার পর এই আবেগঘন মিলন ও জটিলতার সফল অবসান ঘটে।

চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার সুব্রত দাস জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ নিষ্পত্তি, আইনি পরিচয় পুনরুদ্ধার এবং পারিবারিক বন্ধন জোড়া লাগানোর ক্ষেত্রে এই ঘটনাটি আইনি সহায়তা ও সফল মধ্যস্থতার একটি বিরল ও অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, যুবকটির বাবা যখন প্রবাসে ছিলেন, তখন তার জন্ম হয়। জন্মের কিছুদিনের মধ্যেই তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ ঘটে এবং পরবর্তীতে মা অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে মামার বাড়িতেই বড় হতে থাকেন ওই যুবক। জীবনভর বাবার স্নেহ ও আনুষ্ঠানিক স্বীকৃতি থেকে বঞ্চিত ছিলেন তিনি।

পরবর্তীতে ২০২৪ সালে নিজের পিতৃপরিচয় প্রতিষ্ঠার দাবিতে জেলা লিগ্যাল এইড অফিসে আইনি সহায়তার আবেদন করেন ওই যুবক। তবে তার বাবা সাফ জানিয়ে দেন, ডিএনএ টেস্টের মাধ্যমে জৈবিক সম্পর্ক প্রমাণিত হলেই কেবল তিনি তাকে ছেলে হিসেবে মেনে নেবেন।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে লিগ্যাল এইড অফিসের তত্ত্বাবধানে দ্বিপাক্ষিক মধ্যস্থতা প্রক্রিয়া শুরু হয়। অফিসের দুজন প্যানেল আইনজীবীর সহায়তায় বাবা, মা এবং সন্তানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

অবশেষে গত রোববার একটি বড় সাফল্য আসে, যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তাদের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন লিগ্যাল এইড অফিসে জমা দেয়। রিপোর্টে ৯৯.৯৯ শতাংশ নিশ্চিত করা হয় যে, ওই দুই ব্যক্তিই পরস্পর জৈবিক বাবা ও ছেলে।

পরীক্ষার অকাট্য প্রমাণ হাতে পেয়ে বাবা তার সন্তানকে প্রকাশ্যে স্বীকৃতি দিতে রাজি হন। সেই সঙ্গে তাকে সম্পত্তির পূর্ণ উত্তরাধিকার প্রদান এবং নিজের বাড়িতে সসম্মানে থাকার অনুমতি দেন। আগামী ১২ জুন (শুক্রবার) জুমার নামাজের পর স্থানীয় এলাকাবাসীর সামনে তিনি আনুষ্ঠানিকভাবে ছেলেকে সবার সাথে পরিচয় করিয়ে দেবেন বলে জানা গেছে।

এই সফল নিষ্পত্তিকে স্মরণীয় করে রাখতে জেলা লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে বাবা ও ছেলেকে স্মারক টি-শার্ট উপহার দেওয়া হয়। কয়েক দশকের পুরোনো এই বিরোধের অবসান ঘটিয়ে বাবাকে ফিরিয়ে দেওয়ায় যুবকের পরিবার লিগ্যাল এইড অফিস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ