হিযবুত তাহরীরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপির
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। সংস্থাটি বলছে, সংগঠনটির যেকোনো কর্মকাণ্ড সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ।
বৃহস্পতিবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় বাংলাদেশ সরকার ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে।
সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, পোস্টার ও লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম দণ্ডনীয় অপরাধ।
ডিএমপি আরও জানায়, হিযবুত তাহরীরসহ যেকোনো নিষিদ্ধ সংগঠন যদি সভা, মিছিল বা প্রচারণার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে