Views Bangladesh Logo

এখন থেকে অন্তত ৫০ শতাংশ ট্রাফিক মামলা হবে চালকের নামে, জানাল ডিএমপি

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের দায় নির্ধারণে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এখন থেকে ন্যূনতম ৫০ শতাংশ ট্রাফিক মামলা গাড়ির মালিকের পরিবর্তে সরাসরি চালকের বিরুদ্ধে করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান।

মঙ্গলবার ডিএমপির এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এতদিন অধিকাংশ ক্ষেত্রে মামলার দায় গাড়ির মালিকের ওপর বর্তালেও বাস্তবে যানবাহন পরিচালনা করেন চালক। ফলে অনেক সময় প্রকৃত দায়ী ব্যক্তি আইনের আওতার বাইরে থেকে যান। নতুন ব্যবস্থায় সেই পরিস্থিতির পরিবর্তন হবে।

আনিসুর রহমান বলেন, চালকের নামে মামলা হলে তাকে যেমন জরিমানার অর্থ পরিশোধ করতে হবে, তেমনি ডিমেরিটস পয়েন্ট পদ্ধতির আওতায় তার ড্রাইভিং লাইসেন্স থেকেও পয়েন্ট কাটা যাবে। এর ফলে একজন চালকের আইন মেনে চলার রেকর্ড সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে গাড়ির মালিকরা চাকরিতে নিয়োগ দেওয়ার আগে চালকের ড্রাইভিং ইতিহাস ও পয়েন্ট যাচাই করতে পারবেন।

তিনি আরও জানান, ট্রাফিক আইন প্রয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে মামলার কপিতে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের স্বাক্ষর থাকবে। পাশাপাশি ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের কর্মকর্তাদের স্বাক্ষরও সংযুক্ত করা হবে।

কোনো ভুয়া মামলা বা প্রতারণামূলক যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে কখনোই কোনো পাসওয়ার্ড, ওটিপি বা গোপন কোড নম্বর চাওয়া হবে না।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, খুব শিগগিরই যানবাহনের নম্বরপ্লেটের মান যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। নম্বরপ্লেট সঠিকভাবে সংযুক্ত আছে কি না, লেখা স্পষ্ট ও পাঠযোগ্য কি না এবং বিধিমালা অনুযায়ী ব্যবহার করা হচ্ছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ