বড়দিন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন উপলক্ষে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মাসুদ করিম।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরী’স ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম বলেন, নগরীর প্রতিটি চার্চে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এই উৎসব ঘিরে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, বর্তমানে সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে। তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। সকলের সহযোগিতায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন হবে।”
বড়দিন উপলক্ষে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। প্রতিবারের মতো এবারও বড়দিন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
এর আগে সেন্ট মেরী’স ক্যাথেড্রাল চার্চে ডিএমপির সিটিটিসির সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন টিম উদ্ভুত জরুরি পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে তার একটি মহড়া প্রদর্শন করে।
এসময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেন্ট মেরী’স ক্যাথেড্রাল চার্চের ফাদার উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে