Views Bangladesh Logo

হাজতখানায় অর্থ লেনদেনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ভেতরে এক পুলিশ সদস্য ও এক আইনজীবীর মধ্যে অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য মীর মোশাররফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। তিনি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা ও ভিডিও প্রমাণ পাওয়ার পরই সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এদিন তাকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় ভেতরে দায়িত্বরত এক পুলিশ সদস্য ও এক আইনজীবীর মধ্যে অর্থ লেনদেনের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মামলায় আসামিকে ‘সহজ সুবিধা’ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে ওই অর্থ লেনদেনের চেষ্টা করা হয়েছিল।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মীর মোশাররফ হোসেন। তার দাবি, আইনজীবী জোর করে তাকে টাকা দিতে চেয়েছিলেন, যাতে তিনি আসামির কাছে খাবার পৌঁছে দেন। তিনি বলেন, “আমি কোনো অর্থ গ্রহণ করিনি। বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনজীবীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, “যেই অপরাধ করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে—সে পুলিশ, আইনজীবী বা অন্য যে কেউ হোক।”

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ