ডিএমপির ৪ বিভাগে ডিসি পদে রদবদল
রাজধানীর গুরুত্বপূর্ণ চার বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রশাসনিক কার্যক্রমের নিয়মিত অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে। রোববার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন ও বদলির আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
নতুন পদায়নে ট্রাফিক-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এম. তানভীর আহমেদকে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং গোয়েন্দা-লালবাগ বিভাগের মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গুলশান বিভাগের রওনক আলমকে গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে এবং মিরপুর বিভাগের মো. মইনুল হককে ট্রাফিক-রমনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, পুলিশি কার্যক্রমকে গতিশীল করতে এবং প্রশাসনিক প্রয়োজনের কারণে এই রদবদল আনা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে