ডিএমপির অতিরিক্ত কমিশনার
বইমেলায় ‘ধর্ম অবমাননাকর’ বই প্রবেশ ঠেকাতে থাকবে নজরদারি
অমর একুশে বইমেলায় ‘ধর্ম অবমাননাকর’ বই প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলেও তিনি জানান।
‘ধর্ম অবমাননাকর বা উসকানিমূলক’ কোনো বই মেলায় এলে পুলিশের করণীয় কী হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি করবে যাতে এ ধরনের বই মেলায় প্রবেশ করতে না পারে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, অমর একুশে বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম মোতায়েন থাকবে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে মেলা প্রাঙ্গণে একটি পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সেখান থেকে ২৪ ঘণ্টা পুরো এলাকা মনিটরিং করা হবে।
এছাড়াও প্রায় ৩০০টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, প্রতিটি গেটে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ের মাধ্যমে তল্লাশি, ডগ স্কোয়াডের নিয়মিত সুইপিং কার্যক্রম থাকবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, সিটিটিসি ও ডিবি পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মেলা প্রাঙ্গণে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, ব্রেস্টফিডিং কর্নার, শিশু পরিচর্যা কেন্দ্র, প্রাথমিক চিকিৎসা সেবা ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে।
বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট নিরসনে বিশেষ ডাইভারশন পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভারী যানবাহন ঢাবি এলাকায় প্রবেশ করতে পারবে না। টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়কটি পরিস্থিতি অনুযায়ী খোলা বা বন্ধ রাখা হবে।
ডিএমপির পক্ষ থেকে দর্শনার্থীদের অনুরোধ করা হয়েছে, মেলা গেট পর্যন্ত যানবাহনের জন্য অপেক্ষা না করে কিছুটা আগে নেমে হেঁটে প্রবেশ করতে। অনুমোদিত স্থান ছাড়া অন্য কোথাও গাড়ি পার্কিং না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে