ডিএমপির নিউজ পোর্টাল হ্যাক, ওয়েবসাইটে রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন সংবাদমাধ্যম ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি প্রদর্শিত হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে পোর্টালটি সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে স্বাভাবিক সংবাদ পরিবেশনের পরিবর্তে পুলিশের একটি ছবি, সহিংসতার বিভিন্ন দৃশ্য এবং রাজনৈতিক বক্তব্যসংবলিত একটি ছবি দেখা যায়। সেখানে ‘পুলিশ, তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি বার্তাও প্রদর্শিত হচ্ছিল। এ ছাড়া ওয়েবসাইটে প্রবেশ করলে পেছনে সংগীত বাজতে শোনা যায়।
ঘটনার সময় ওয়েবসাইটটির মূল সংবাদ ও অন্যান্য নিয়মিত কনটেন্টের পরিবর্তে এসব ছবি ও বার্তা প্রদর্শিত হচ্ছিল। পরে ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে সেটি আর সচল পাওয়া যায়নি। ফলে ওয়েবসাইটটির নিয়ন্ত্রণে কোনো অননুমোদিত প্রবেশ ঘটেছে কি না, সে প্রশ্ন সামনে এসেছে।
তবে ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, কিংবা কারা এর পেছনে রয়েছে, সে বিষয়ে ডিএমপি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিএমপি নিউজের ওয়েবসাইটে দেওয়া পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মহানগর পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধবিষয়ক খবর, পুলিশের অভিযান, বিভিন্ন কার্যক্রম এবং জনসচেতনতামূলক তথ্য এ পোর্টালে প্রকাশ করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁদের কাছে খুদেবার্তাও পাঠানো হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কারও কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ওয়েবসাইটে প্রদর্শিত রাজনৈতিক বার্তার উৎস এবং ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মতামত দিন