ই-ট্রাফিক নজরদারি: আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা
ঢাকা মহানগরীতে ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ন্ত্রণে নতুন ডিজিটাল ব্যবস্থায় কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে সিসি ক্যামেরা ও এআই প্রযুক্তির মাধ্যমে সড়কে আইন ভাঙার ঘটনা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হবে।
রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন ভাঙার ঘটনা সিসি ক্যামেরায় ধারণ করা হচ্ছে। এরপর ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট মালিক বা চালকের ঠিকানায় স্বয়ংক্রিয় নোটিশ পাঠানো হচ্ছে।
নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তির সুযোগ থাকবে। তবে কেউ নোটিশ পাওয়ার পরও নির্ধারিত ট্রাফিক বিভাগে হাজির না হলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির কার্যক্রমও অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, এই ব্যবস্থা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়, ই-ট্রাফিক মামলা বা জরিমানা সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে সবাইকে বিরত থাকতে হবে। কেউ প্রতারণার চেষ্টা করলে নিকটস্থ থানায় বা ট্রাফিক বিভাগে জানাতে অনুরোধ করা হয়েছে।
ডিএমপির মতে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সিগন্যাল ক্রসিংয়ে লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিংসহ নানা অনিয়ম এখন ডিজিটালভাবে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে