এসএসসি পরীক্ষা চলাকালে যানজট নিরসনে ডিএমপির নির্দেশনা
এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে রাজধানীর যানজট নিরসনে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষাকেন্দ্রের আশপাশে অভিভাবকদের অবস্থান না করতে এবং অপ্রয়োজনীয় যান চলাচল ও পার্কিং এড়িয়ে চলতে বলা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারোয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার ১২৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সড়ক ব্যবহারকারী ও যানবাহন চালকদের কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনাগুলো হলো—
১. পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা দিতে হবে।
২. ব্যক্তিগত গাড়িতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রের একদম সামনে না নেমে কাছাকাছি কম ভিড়যুক্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে হবে। পরীক্ষা শেষে একইভাবে কিছুটা দূরে গিয়ে গাড়িতে উঠতে হবে।
৩. কোনো অবস্থাতেই পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়কে যানবাহন পার্কিং করা যাবে না। এ ক্ষেত্রে আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৪. অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে অপেক্ষা না করার জন্য অনুরোধ করা হয়েছে। সড়কে দাঁড়িয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা 'সড়ক পরিবহন আইন ২০১৮' অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
৫. পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে কেন্দ্রসংলগ্ন সড়কে অন্যান্য যাত্রীদের অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলতে বলা হয়েছে।
৬. পরীক্ষাকেন্দ্রের ২০০ গজ এলাকাকে পরীক্ষার্থী ছাড়া অন্য সবার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই ওই এলাকায় অযথা অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।
এসব নির্দেশনা বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে