কনসার্ট উপলক্ষে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্ট। এ জন্য শনিবার (২১ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকার রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ দুপুর ২টায় শুরু হওয়া কনসার্টে দেশের নামকরা ব্যান্ডশিল্পীদের পাশাপাশি বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান সংগীত পরিবেশন করবেন।
ডিএমপির দেয়া নির্দেশনা অনুযায়ী:
কনসার্ট চলাকালীন টোল ছাড়াই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন বিমানবন্দর, কুরিল ও বনানী র্যাম্প ব্যবহারকারীরা। এছাড়া র্যাডিসন হোটেলের আগে ইউ-টার্ন অথবা বনানী ওভারপাসের নিচে ইউ-লুপ ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবেন তারা।
এ সময় বনানী র্যাম্প বন্ধ থাকবে। এর পাশপাশি ইসিবি স্কয়ার থেকে বনানীর দিকে যাওয়ার ফ্লাইওভারের লুপ বন্ধ থাকবে। তবে কুর্মিটোলা হাসপাতালের কাছে থাকা র্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবে এই রুটের যাত্রীরা।
অন্যদিকে কনসার্ট চলাকালীন বিকল্প পথ ব্যবহার করতে হবে বিমানবন্দর এবং উত্তরা অভিমুখী যানবাহনকে।
ডিএমপি আরও জানায়, মোটরসাইকেল, অটোরিকশা এবং সাইকেলের জন্য র্যাম্প ব্যবহার নিষিদ্ধ। দুপুর থেকে রাত পর্যন্ত ট্রাফিক যানজট এড়াতে এবং যান চলাচল সহজ করতে সকলের সহযোগিতা কামনা করছেন তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে